শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় কৃষকদের মধ্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১৭ এপ্রিল রবিবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম ও সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন ।
অনুষ্ঠানে ৭০০ কৃষকের মধ্যে জনপ্রতি পাঁচ কেজি ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

একই অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে ভুর্তকি মূল্যে উপজেলার বনগাঁও গ্রামের কৃষক মো. মোখলেছুর রহমানকে একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন (আধুনিক ধান কাটার যন্ত্র) প্রদান করা হয়েছে।




