বিভিন্ন অ্যাপস ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তি এবং সামাজিক দায়িত্ব পালন জোরদার করতে শেরপুরে যুবদের জন্য শুরু হয়েছে আইসিটি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ। নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি দুই দিনব্যাপী ওই প্রশিক্ষণের আয়োজন করেছে। কালেক্টরেট কার্যালয়ের ‘তুলশিমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে’ ১১ এপ্রিল সোমবার ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ওইসময় তিনি বলেন, ভার্চূয়াল জগত এক মহাসমুদ্র। এখানে যেমন অনেক ভালো ভালো জিনিস রয়েছে, তেমনি রয়েছে অনেক ফাঁদ, গুজব, অপপ্রচার। অনেকে কুতথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে থাকে। আমাদেরকে ডিজিটাল জগতের ভালো জিনিস গ্রহণ করতে হবে, খারাপগুলোও তেমনভাবে বর্জন করতে হবে। এজন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারের টেকনিক, আইনকানুন, নীতিমালা সম্পর্কে জানতে হবে, সচেতন হতে হবে। কোনটা মিথ্যা, ভুয়া, গুজব, অপপ্রচার এসব চিহ্নিত করার দক্ষতা অর্জন করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা প্রোগ্রামার মো. তারেকুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। জনউদ্যোগের সদস্যসচিব হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক এসএম আবু হান্নান, রাজনীতিক সোলায়মান আহমেদ, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ তপন সারোয়ার উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিয়ম, বিষয়, টেকনিক ভাষা, সার্চ ইঞ্জিনের ব্যবহার, অ্যাপস ডাউনলোড ও ব্যবহার, অনলাইনে সরকারি-বেসরকারি সেবাপ্রাপ্তি সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। এছাড়াও ছবি-ভিডিও এডিটিং, অনলাইন কনটেন্ট তৈরী ও আপলোড করা, আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, এফ কমার্স, ফ্রি-ল্যান্সিং, পেইজ তৈরী, অনলাইনে কুতথ্য যাচাই, চিহ্নিতকরণ ও প্রতিরোধের উপায় এবং ডিজিটাল নিরাপত্তা আইন সম্পর্কে ধারণা প্রদান করা হয়।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে শেরপুর সদরের জনউদ্যোগ যুব ফোরামের ২০ জন তরুণ-তরুনী অংশগ্রহণ করছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং জেলা প্রশাসন প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করছে। এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন জেলা তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা মো. তারেকুর রহমান, আউটসোর্সার মিনহাজ উদ্দিন, বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী, অনলাইন কনটেন্ট মেকার ইমামুল হাসান তানভীর।




