শেরপুরের নকলা উপজেলায় প্রথমবারের মতো ‘জয়যাত্রা ফুটবল একাডেমী’ নামে ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান।
এছাড়া নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, ফুটবল খেলার প্রশিক্ষক সাধন বসাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, নকলা অদম্য মেধাবী সংস্থার উপদেষ্টা এফ.এম কামরুল আলম রঞ্জু, সহকারী পরিচালক আতিকুর রহমান আতিক, সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ফুটবলের স্থানীয় প্রশিক্ষক মইনুল হক বাপ্পী, ক্রীড়া শিক্ষক ও প্রশিক্ষক তৌফিক হোসেন দীপকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সারা দেশব্যপী বিভিন্ন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠলে গ্রমগঞ্জের ছেলে-মেয়েরাও উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের তরুণ ফুটবলার আবু সাঈদের মতো দেশ সেরা প্রতিষ্ঠানে ডাক পাবে। এতেকরে তরুণ খেলোয়াড়দের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়বে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, খেলাধুলা লেখাপড়ার অবিচ্ছেদ্য অংশ, একটি অপরটির পরিপূরক। তাই জয়যাত্রা ফুটবল একাডেমীর মতো দেশের প্রতিটি জেলা, উপজেলা বা পাড়া-মহল্লায় খেলাধুলার পরিবেশ সৃষ্টিসহ নিয়মিত বিভিন্ন খেলাধুলার আয়োজন করার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান তিনি।




