শেরপুরে অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করছে প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন বাংলাদেশ, শেরপুর জেলা শাখা। ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কসবা কাঠগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়াপাড়া সাংবাদিক জয়নুল আবেদীন স্মৃতি সংসদের সামনে শতাধিক মানুষের মাঝে ওই কম্বল বিতরণ করা হয়।

আয়োজক সংগঠনের আহ্বায়ক ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণকালে সংগঠনের উপদেষ্টা জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, সংগঠনের সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, যুগ্ম-আহ্বায়ক আঞ্জুমান আলম লিপি, সাংবাদিক জুবাইদুল ইসলাম, সাংবাদিক নাঈম ইসলাম, ডা: আসাদুল ইসলাম, প্রচার বিভাগের প্রধান জাহিদুল ইসলাম খান সৌরভ, সহকারী প্রচার প্রধান রবিউল ইসলাম রতন, সদর উপজেলা কমিটির সদস্য সচিব হালিমা খাতুন ইতি, সাংবাদিক জয়নুল আবেদীন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. বজলুর রহমান, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের নেতা সাঈদ আহম্মেদ সাবাব প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদর উপজেলা কমিটির আহ্বায়ক মো. মমিনুল ইসলাম।
সবুজ আন্দোলনের কম্বল পেয়ে সুফিয়া বেগম জানানা, এই বেডা আর মাইয়া গুইললারে আল্লাহ বালা করুক। কম্বলডা পাইয়া যে কি বালা অইলো। শীতে খুব কষ্ট অইতাছিল। এত শীত আমারে কেউ কম্বল দেয় নাই। আজ পাইলাম।

সংগঠনের আহ্বায়ক মো. মেরাজ উদ্দিন জানান, শেরপুরে আমরা কম্বল বিতরণের মাধ্যমে আপনাদের পাশে দাড়ালাম। তবে আমরা আমাদের এলাকাকে সবুজায়ন করতে চাই। এজন্য সবাইকে গাছ লাগাতে হবে। একটা গাছ কাটলে দুটি গাছ লাগাতে হবে। কোন খালি জায়গা পতিত রাখা যাবে না। এরপর আমরা গাছ বিতরণ করবো ও গাছ লাগাবো।
সংগঠেনর সদস্য সচিব সাবিহা জামান শাপলা বলেন, আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়ে সবসময় আপনাদের পাশে দাঁড়াতে চেষ্টা করে আসছি। সবুজ আন্দোলনের মাধ্যমে আমরা মানুষকে একটি বার্তা পৌছে দিচ্ছি আমাদের বাঁচতে হলে, বেশী করে গাছ লাগাতে হবে। গাছ লাগানো ছাড়া আমাদের পরিবেশ সুন্দর রাখা সম্ভব না। আমাদের জেলাকে আমরা সবুজে সবুজে সুন্দর গড়ে তুলতে চাই। কম্বল নিয়ে আমরা আপনাদেরকে জানান দিতে চাই আপানদের কষ্টেও আমরা আপনাদের পাশ্বে আছি।
শেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা বলেন, আমি সবুজ আন্দোলনে যুক্ত হতে পেরে খুবই খুশি। এ সংগঠন পরিবেশ সুন্দর রাখতে বিরাট ভূমিকা রাখবে। আর আপনারা যেসব মহিলা প্রশিক্ষণ নিতে চান, আমি বিভিন্ন ট্রেডে আপনাদের প্রশিক্ষণ করাবো।
স্বাস্থ্য বিভাগে দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক ডা: আসাদুল ইসলাম বলেন, আমরা খুব দ্রুতই মানুষকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প করে দরিদ্র অসহায় মানুষদের সেবা দেয়া শুরু করবো।




