নিজের নতুন ঠিকানা প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির হয়ে প্রথম গোল পাওয়ায় কিছুটা স্বস্তি নিয়ে মাতৃভূমি আর্জেন্টিনায় পা রাখলেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে জাতীয় দলের সতীর্থদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার (৮ অক্টোবর) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে দেখা যাবে এ তারকাকে।

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য টানা ৩টি ম্যাচ খেলবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। প্যারাগুয়ের পর আগামী ১১ অক্টোবর উরুগুয়ে এবং ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে মাঠে নামবে মেসি অ্যান্ড কোং। প্রায় মাসখানেক বিরতি দিয়ে ১১ নভেম্বর মেসিরা খেলবে উরুগুয়ের বিপক্ষে। এরপর ব্রাজিলের সঙ্গে তাদের মহারণ দেখা যাবে ১৬ নভেম্বর।
বাছাইপর্বের এই লড়াইয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান আর্জেন্টিনার। তৃতীয় স্থানে আছে উরুগুয়ে। প্যারাগুয়ে আছে ৬ নাম্বারে, এর পরের অবস্থানটাই পেরুর।




