টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন। নির্বাচক কমিটির বাকি দু’সদস্য হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক পাশেই ছিলেন।

জানা গেছে, দলে নেই কোনো চমক। নিউজিল্যান্ড সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখেই বিশ্বকাপের দল সাজানো হয়েছে। চলমান সিরিজ থেকে স্কোয়াডে নেই মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। তবে স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে যাওয়া হচ্ছে।
২০০৭ সাল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে খেলছে বাংলাদেশ। প্রতিটি আসরেই খেলেছেন মাহমুদউল্লাহ, সাকিব, মুশফিক। নিজেকে সরিয়ে না নিলে তামিম ইকবালও থাকতেন ওই তালিকায়।

এদিকে, বিশ্বকাপে অংশ নিতে ৪ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ। কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে ওমানে কোয়ারেন্টাইন লাগবে না। তবে দেশ ছাড়ার আগে ও ওমানে পৌঁছার পর কোভিড নেগেটিভ হতে হবে। বাংলাদেশ দলের প্রত্যেকের পুরো ভ্যাকসিন নেওয়া আছে। ফলে ক্রিকেটারদের কোয়ারেন্টাইন করা লাগবে না। ওমানে ৩ দিন পরই শুরু হবে অনুশীলন। সপ্তাহখানেক নিজেদের খরচে ক্যাম্প করে বাংলাদেশ আইসিসির তত্ত্বাবধানে ঢুকে যাবে। এরপর আইসিসির সুযোগ সুবিধা নেবে বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচগুলি খেলতে যেতে হবে দুবাই। এরপর আবার ফিরতে হবে ওমানে।
১৭ অক্টোবর বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড। বিসিবি প্রস্তুতি ম্যাচের সূচি এখনো হাতে পায়নি। তবে ধারণা করা হচ্ছে মূল মঞ্চে মাঠে নামার দুই দিন আগেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলবে বাংলাদেশ। দুটি ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড।
বিশ্বকাপের সুপার টুয়েলভ খেলতে হলে প্রথম পর্ব উতরাতে হবে বাংলাদেশকে। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের ম্যাচের পর ১৯ ও ২১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউ গিনি। প্রতিপক্ষ বিবেচনায় বাংলাদেশের প্রতিটি ম্যাচ হেসে খেলে জেতা উচিত। তবে ম্যাচগুলি টি-টোয়েন্টি বলেই অতিরিক্ত আত্মবিশ্বাসী নয় বাংলাদেশ।
বাছাইপর্ব উতরাতে পারলে পরের ধাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউ জিল্যান্ড এবং বাছাইপর্ব পার করা আরও একটি দল। সেই সূচিও চূড়ান্ত। ২৫ অক্টোবর শারজাহতে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাতে।
বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। স্ট্যান্ডবাই: রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।




