নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ রান করেও আক্ষেপে পুড়ছে লিটন দাস। সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই বিদায় নিতে হলো তাকে। ৯৫ রান করে আউট হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে লিটন যখন মাঠে নামেন তখন ১০৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। মুমিনুলের সঙ্গে ২৩ রানের জুটি গড়েন। অধিনায়ক ফিরে গেলে মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন লিটন দাস। সুযোগ আসে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নেয়ার। যদিও শেষ পর্যন্ত নব্বইয়ের ঘরে থামলেন তিনি।

শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন লিটন। বাঁহাতি স্পিনার মিল্টন শুম্বার বল স্লগ সুইপে মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে মেরে হাফসেঞ্চুরির মাইলফলকে পৌঁছান তিনি। হাফসেঞ্চুরির পর কিছুটা স্লো ব্যাটিং করতে থাকেন। একটু একটু করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু পৌঁছাতে পারেননি। তিরিপানোর বল খেলেছিলেন ফাইন লেগে। কিন্তু লাফিয়ে ওঠা বল তালুবন্দি করে লিটনকে সাজঘরে ফেরান ভিক্টর নিয়াচি। আউট হওয়ার আগে লিটন ১৪৭ বলে ১৩ চারে করেন ৯৫ রান।
টেস্ট ক্রিকেট ৪২ ইনিংস ব্যাট করে এখন পর্যন্ত এই ফরম্যাটে সেঞ্চুরির দেখা পাননি লিটন। আজই খেললেন ক্যারিয়ার সেরা ইনিংস। এই ফরম্যাটে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৪ রান করে আউট হয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। সব মিলিয়ে সাদা পোশাকে লিটনের হাফসেঞ্চুরি ৯টি। ২৯.৯৭ গড়ে তার রান ১ হাজার ২২৯।









