বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিলীপ কুমারকে স্মরণ করে টুইট করেছেন রাহুল গান্ধী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ৭ জুলাই বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৮ বছর।

নরেন্দ্র মোদি গভীর সমবেদনা জানিয়ে টুইট করেছেন, ‘দিলীপ কুমারজি ভারতীয় চলচ্চিত্র আপনাকে কিংবদন্তী হিসেবেই মনে রাখবে। প্রজন্মের পর প্রজন্ম আপনার অভিনয়ে মুগ্ধ। ওর মৃত্যু সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা রইল।’ খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের
স্ত্রীয় সায়রা বানু এবং দিলীপ কুমারের পরিবারকে সমবেদনা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘গভীরভাবে শোকাহত। অসাধারণ অভিনয় দক্ষতার জন্য আগামী প্রজন্ম মনে রাখবে ওকে।’

রাহুল গান্ধী লিখেছেন, ‘দিলীপ কুমারজির পরিবার, আত্মীয়-স্বজন এবং অনুরাগীদের প্রতি সমবেদনা রইল। ভারতীয় সিনেমায় তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন দিলীপ কুমার। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি। গত ৩০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এর আগে গত ৬ জুন হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল দিলীপকে। ফুসফুসে অতিরিক্ত ফ্লুইড জমার সমস্যায় ভুগছিলেন তিনি।
১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তখন তার নাম ছিল ইউসুফ খান। তার বাবা পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। পরে পেশোয়ার থেকে পুণেতে চলে আসেন দিলীপ কুমার।
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন দিলীপ কুমার। ১৯৬৬ সালে অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কিংবদন্তী এই অভিনেতা। ছয় দশকের অভিনয় জীবনে ৬৫টিরও বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন।






