স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী কর্মহীন মানুষ। কর্মহীন মানুষের পাশে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে খাবার সামগ্রী সহ আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে। শেরপুরে কর্মহীন ফুটবল খেলোয়াড়দের ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান দিয়েছে জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)। ২২ মে শুক্রবার দুপুরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ফুটবল খেলে যারা উপার্জন করে থাকেন জেলার এমন ৩৫ জন ফুটবলারের মাঝে ১ হাজার টাকা করে এ ঈদ উপহার প্র্রদান করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম ও ডিএফএ সভাপতি মানিক দত্ত ফুটবলারদের হাতে উপহারের অর্থ তুলে দেন। এর মধ্য দিয়ে শেরপুর ডিএফএ এই করোনায় কর্মহীন ফুটবল খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে বলে মনে করেন ক্রীড়ামোদীরা।
আর্থিক সহায়তা বিতরণকালে অন্যান্যের মধ্যে ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, সহ-সভাপতি সৈয়দ রবিউল করিম মনি, কোষাধ্যক্ষ জিন্নত আলী, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন বাবুল, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সম্পাদক মেরাজ উদ্দিন এবং ডিএফএ ও ডিএসএ’র অন্যান্য কর্মকর্তা, খেলোয়াড় সংগঠকরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ডিএফএ সভাপতি মানিক দত্ত বলেন, এ করোনাকালে স্থানীয়ভাবে সংগৃহিত ৩৫ হাজার টাকা ৩৫ জন ফুটবলারের মাঝে বিতরণ করা হয়। এছাড়া এর আগে তিনি ব্যক্তিগত তহবিল থেকে ৭ নারী খেরোয়াড় সহ ৩০ জন দু:স্থ্য ফুটবলারকে ১ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেছেন। এছাড়া বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (বিডিডিএফএ) পক্ষ থেকে প্রাপ্ত অনুদান ৩ কোচ ও ৬ ফুটবলারের মাঝে বিতরণ করা হয়েছে।









