শ্যামলবাংলা ডেস্ক ॥ আলতাফের সুখের সংসার। সর্বনাশা গুজবে মুহূর্তেই সেই সংসার তছনছ। গুজবের শিকার উপার্জনক্ষম একমাত্র সন্তান হারিয়ে আলতাফ দিশেহারা। সংসারের অভাব-অনটন নিত্যসঙ্গী। এমনকি পেটের ভাত পর্যন্ত জোটে না।
সমাজে এক শ্রেণীর লোক আছে যারা দেশের ভালো চায় না। সবসময় দেশকে অস্থির দেখতে চায়। বারবার সুযোগ খোঁজে কিভাবে গুজব ছড়ানো যায়। এদের কাছে গুজব যেন বিশৃঙ্খলা তৈরির তাবিজ। আর সেই তাবিজে রয়েছে দেশ ধ্বংসের মহাপরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন সময়ে গুজব ছড়িয়ে দেয়া হয়।

কয়েক বছর আগে গুজব ছড়ানো হলো কৃমিনাশক ট্যাবলেটের নামে বিষাক্ত ওষুধ দিয়ে শিশুদের মেরে ফেলা হচ্ছে। তা নিয়েই কি হৈ চৈ। স্বাস্থ্য বিভাগের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হলো।
এর কিছুদিন পরই গুজব ছড়িয়ে দেয়া হলো দণ্ডপ্রাপ্ত এক রাজাকারকে নাকি চাঁদে দেখা যাচ্ছে! মুহূর্তে উত্তেজিত করা হলো লোকজনকে, ভাংচুর করা হলো থানা কাচারি, অফিস আদালত, বাড়িঘর। এমনকি অগ্নিসংযোগ করা হলো। গুজবের বলি হলো পুলিশসহ ১৪ জন। আহত দুই শতাধিক। সম্পদের ক্ষতি হলো শত শত কোটি টাকার। এভাবে গুজব রটিয়ে পদ্মা সেতু নির্মাণে মাথা ও বাড্ডায় ছেলে ধরা সন্দেহে মাকে পিটিয়ে মারার মতো অসংখ্য ঘটনা ঘটানো হলো।
এসব গুজব থেকে রেহাই পেতে দরকার সমাজকে সচেতন করা। এজন্য স্ব স্ব ক্ষেত্রে প্রতিরোধ গড়ে তোলা জরুরী।
এসব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে মীর লিয়াকত আলী লিখেছেন ‘গুজবের তাবিজ’ নাটক। আমতলী মডেল ফাউন্ডেশনের ব্যানারে তৈরি এ নাটকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে স্বাধীনতাযুদ্ধে রাজাকারদের কুকীর্তি। এটি দেখা যাবে ‘amtoli model school’ নামে ইউটিউবে।-প্রেস বিজ্ঞপ্তি।






