কম খরচে হবে পণ্য-যাত্রী পরিবহন, বাড়বে কৃষি-মৎস্য ও পর্যটন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক সক্ষমতাও
মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ ॥ পণ্য ও যাত্রীবাহী নৌযান চলাচল নির্বিঘ্ন করতে এককালের খরস্রোতা এশিয়া মহাদেশের গুরুত্বপূর্ণ দীর্ঘতম নদ পুরনো ব্রহ্মপুত্র খননে প্রথম পর্যায়ে ৯০ কিলোমিটার নদের পরীক্ষামূলক ড্রেজিং কাজ শুরু হয়েছে শনিবার বিকেলে। ময়মনসিংহ শহরতলীর চর নিলক্ষীয়া এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল এর একটি ড্রেজার দিয়ে টেস্টিং কাজ শুরু হয়। আগামী মাসের শুরুতে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য সচিববৃন্দ আনুষ্ঠানিভাবে উদ্বোধনের পরই পুরোদমে চলে ড্রেজিং কাজ। এদিকে খননকৃত মাটি কোথায় স্তুপাকৃত আকারে রাখা হবে তার সুনির্দিষ্ট জায়গা এখনো নির্ধারিত হয়নি। যার ফলে এসব মাটি রাখা নিয়ে সমস্যার সমাধান হচ্ছে না।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুল ইসলাম জানান, নদীর কাছাকাছি খাস, শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্য স্থানে মাটি রাখার জন্য জায়গা নির্ধারণের প্রক্রিয়া চলমান। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর কর্মকর্তারা জানান, ১০০ মিটার প্রশস্ত করে এবং শুকনো মৌসুমে ১০ ফুট পনর গভীরতা হিসেবে ব্রহ্মপূত্র নদের ২২৭ কিলোমিটার খননে মোট ৮.৮ কোটি ঘন মিটার মাটি উত্তোলন করা হবে। ওই মাটি স্তুপাকৃত আকারে রাখতে প্রচুর জায়গার প্রয়োজন পড়বে। সংশ্লিষ্ট সূত্রমতে, প্রয়োজন অনুসারে ওইসব জমি পেতে দেরী হওয়ায় সার্বিক খনন কাজেও দেরি হচ্ছে। এতে ওই প্রকল্পটি সমাপ্ত করতে নির্ধারিত সময়ের চেয়েও আরও বেশি সময় লাগতে পারে।
সারা বছরব্যাপী পণ্য ও যাত্রীবাহী নৌযানসমূহ নির্বিঘœ ও নিরাপদ চলাচল নিশ্চিত, ব্রহ্মপূত্রে পানি প্রবাহ বৃদ্ধিসহ কৃষি ও মৎস্য সম্পদ উন্নয়নে সহায়তা করার লক্ষে দুই হাজার ৭শত ৬৩ কোটি ৬০ লাখ টাকায় ব্রহ্মপুত্র নদের ২২৭ কিলেমিটার ড্রেজিং কাজ করা হচ্ছে। ইতোমধ্যেই পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ১০০ মিটার প্রশস্ত করে ব্রহ্মপুত্র নদটি ড্রেজিং করা হচ্ছে এবং শুকনো মৌসুমে নদের তলদেশে কমপক্ষে ১০ ফুট পানির গভীরতা থাকবে। জামালপুর ইপিজেড এর অধিকাংশ মালামাল ব্রহ্মপুত্র নদ দিয়ে পরিবহন করা হবে। এ নৌ-পথ দিয়ে আসাম থেকে কুড়িগ্রামের চিলমারি হয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ- ময়মনসিংহ-টোক-ভৈরব-চাঁদপুর-বরিশাল-মংলা- আংটিহারা হয়ে ভারতের কলকাতার হলদিয়া সমুদ্র বন্দর পর্যন্ত ৫ হাজার টন ওজনের পণ্যবাহী কার্গো চলাচল করবে। সেই সাথে পর্যটনবাহী ছোট জাহাজও চলাচলের সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার্স নামে পরিচিত নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশে খুব সহজে এবং কম খরচে যাত্রী ও পণ্য পরিবহন করা হবে। বৃষ্টির পানি ধরে রাখা যাবে; মিঠা পানিতে দেশীয় নানা প্রজাতির দেশীয় মাছের উৎপাদন বাড়বে; নদের আশপাশে সারাবছর সেচ সুবিধা পাবে; নদপাড়ের মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে; পরিবেশ রক্ষাসহ এই নদ থেকে নানা সুফল পাবে জামালপুর, ময়মনসিংহ, শেরপুর, কুড়িগ্রাম ও কিশোরগঞ্জ জেলার ২ কোটি মানুষ। ২০১৮ সালের ২ অক্টোবর নদটির নাব্যতা ফেরাতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুই হাজার ৭শত ৬৩ কোটি ৬০ লাখ টাকায় ব্রহ্মপূত্র নদের ২২৭ কিলেমিটার ড্রেজিং কাজ করার প্রকল্পটি অনুমোদন পায়। ২০১৮ সালের ২ নভেম্বরে ময়মনসিংহ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের ভিত্তি নাম ফলক উন্মোচন করেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও পুরাতন ব্রহ্মপুত্র ডেইজিং প্রকল্প পরিচালক রকিবুল ইসলাম তালুকদার জানান, ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার’ নামের প্রকল্পের মধ্যে ২ হাজার ৭শত ৬৩ কোটি ৬০ লাখ টাকায় ব্রহ্মপূত্র নদের ২২৭ কিলেমিটার ড্রেজিং কাজের পুরো প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। প্রথম পর্যায়ে টোক থেকে ৯০ কিলোমিটার ৮টি প্যাকেজে ড্রেজিং করা হচ্ছে। বাকিটুকু দু’এক মাসের মধ্যে দরপত্র আহবান করা হবে। ব্রহ্মপুত্রকে আবারও প্রাণ ফেরতেই এই পরিকল্পনা। ২০২৪ সালের ৩০ জুন ওই প্রকল্পের কাজ শেষ হবে সময় নির্ধারণ করা হয়েছে।
ব্রহ্মপুত্রের উৎসমূখ জামালপুরের দেওয়ানগঞ্জের পল্লীকান্দি হতে কিশোরগঞ্জের কটিয়াদি পর্যন্ত ২২৭ কিলোমিটার এবং এবং ১০০ মিটার প্রশস্ততায় নৌপথটি খননের ব্যবস্থা এ প্রকল্পে ধরা হয়েছে। এছাড়া এ প্রকল্পে ব্রহ্মপূত্র নদের সংযোগকারী শাখা ঝিনাই নদীর জামালপুর জেলার মেলান্দহ উপজেলা হতে দাদভাঙ্গা পর্যন্ত ৩০ কিলোমিটার খনন কাজও এ প্রকল্পে অন্তর্ভূক্ত আছে। টোকেনদটি দুটি প্রবাহে বিভক্ত, দক্ষিণে ঢাকার দিক থেকে শীতলক্ষ্যায় এবং দক্ষিণ-পূর্বের দিকের ভৈরব বাজারের দিকে পুরাতন ব্রহ্মপূত্র প্রবাহিত হয়। পুরাতন ব্রহ্মপূত্রনদ পুনরুদ্ধারের জন্য টোক থেকে কটিয়াদি পর্যন্ত ড্রেজিং করা হচ্ছে।
খননের ফলে শুধুমাত্র পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা বৃদ্ধি পাবে না, বরং শুষ্ক মৌসুমে ঝিনাই, বংশী, বানার, শীতলক্ষ্যা নদীতেও পানি প্রবাহ বৃদ্ধি পাবে এবং নদীগুলোর নৌ-পথ দিয়ে সারাবছর দ্রুত এবং সহজ খরচে পণ্য ও যাত্রী পরিবহন নিশ্চিত হবে। নৌ-পথে কার্গো চলাচলের মাধ্যমে পরিবহন অনেকাংশে কমানো যাবে। বন্যাকালীন সময়ে নদী তীরবর্তী ফসলী জমি ও স্থাপনা ভাঙ্গন কবলিত হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে। ফলে মৎস্য সম্পদ বৃদ্ধি ও সেচ সুবিধা বৃদ্ধি পাবে। এতে নারীসহ সকলের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে নারী ও শিশুদের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৮৮ সালে। কিন্তু সেবার ভয়াবহ ভাঙনের কারণে এই উদ্যোগ ভেস্তে যায়। এরপর সরকার পরিবর্তন হলেও পুরাতন এই নদ খননের দাবি উপেক্ষিত থেকে যায় বরাবরই। ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ ব্রহ্মপুত্র নদ খননের জন্য দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে নিয়মতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি, মানববন্ধন, রোডশো, পথসভা, সেমিনার, নৌকা বাইচ, নৌ-র্যালি, লিফলেট বিতরণ বিভিন্ন কর্মসূচী পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে। শম্ভুগঞ্জ গণকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক ড. মোঃ সিরাজুল ইসলাম জাতীয় নদী রক্ষা কমিশনে ব্রহ্মপুত্র খননের আবেদন আবেদন করেন। যার প্রেক্ষিতে নদী রক্ষা কমিশন ব্রহ্মপুত্র খননের জোরালো সুপারিশ করে সরকারের কাছে। জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফয়জুর রহমান ফকির ও ড. মোঃ সিরাজুল ইসলামসহ একটি প্রতিনিধি দল ব্রহ্মপুত্র নদের যমুনার উৎসমুখে সন্যাসীরচর পর্যন্ত সরেজমিনে পরিদর্শন করে এবং ভিডিওচিত্র তৎকালীন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান সিরাজের কাছে হস্তান্তর করেন।
২০০৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিলো পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন। ওই সময় সার্কিট হাউজে এক জনসভায় নদ খননের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ বার ময়মনসিংহ সফরের সময় নদটি খননের অঙ্গীকার করে যান তৎকালীন নৌমন্ত্রী শাজাহান খানও।







