
শ্যামলবাংলা ডেস্ক : প্রিয় দলের খেলা দেখার জন্য নানা আয়োজন, পরিকল্পনা প্রবাসী বাংলাদেশীদের। কর্মব্যস্ত দিনে খেলা, তাই ছুটি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বন্ধু-বান্ধবদের সাথে ম্যাচ উপভোগের আয়োজনের কমতি নেই তাদের। টিকিটের হাহাকারের মাঝে উচ্চমূল্যেও তা সংগ্রহ করছেন অনেকেই।
হাজার মাইল দূরের ইংল্যান্ড। দূর পরবাসেও স্বদেশের ছোঁয়া আর সমর্থন নিয়মিতই পাচ্ছে বাংলাদেশ দল। লাল সবুজে উত্তাল গ্যালারি, আর ম্যাচের আগে স্টেডিয়ামমুখি স্বপ্নাতুর জনস্রোত। কখনও সেই স্বপ্নে লাগে রোমাঞ্চ আর আশার ছোঁয়া, কখনও ভাঙন দেখায় ঘুরে দাড়ানোর প্রত্যয়। ২ জুলাই বার্মিংহামেও তারই মঞ্চায়ন হবে।

ইংল্যান্ড বিখ্যাত ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর স্পাইসি ফুডের কল্যাণে। যার বেশিরভাগের মালিকানায় বাংলাদেশিরা। সময়ের পরিবর্তনে বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবেও চেনেন অনেকেই। শহরের বিখ্যাত বাঙালি রেস্টুরেন্টগুলোর অধিকাংশই বন্ধ থাকবে ম্যাচের দিন।
শহরজুড়ে ভারতীয়দের আধিপত্য। ম্যাচটাও ভারতের বিপক্ষে। তাই টিকেটের হাহাকার অনেক আগে থেকে। সমাধান খুঁজতে চায়ের কাপে ঝড় ওঠে রেস্টুরেন্টে বসে। যেখানে কর্মচারি থেকে ক্রেতা দারুণ মিল। ভারতীয়দের কাছ থেকে উচ্চমূল্যে টিকিট কিনছেন প্রবাসী বাংলাদেশীরা।
দুই বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ-ভারত সেমিফাইনালটাও হয়েছিল ওই বার্মিংহামেই।









