স্টাফ রিপোর্টার ॥ গৌরবের দেড়শ বছর পূর্তি উৎসব উপলক্ষে ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে শেরপুর পৌরসভা। ১১ জানুয়ারি শুক্রবার বিকেলে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরের ব্যাডমিন্টন গ্রাউন্ডে প্রয়াত শিক্ষাবিদ মরহুম ছাবেদ আলী বিএসসি স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা নামে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। ওইসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত, বিসিআইস’র সাবেক প্রধান প্রকৌশলী শরাফত আলী ফকির, পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের এককের খেলায় উজ্জল ২-১ গেমে পলাশকে এবং মিশ্র দ্বৈতে শেরপুরের ঐশী-পল্লব জুটি জামালপুরের নাফিসা-নুপুর তরফদার জুটিকে ২-০ গেমে পরাজিত করেন। এছাড়া এদিনের অপরাপর খেলায় নারী এককে ময়মনসিংহের স্মৃতি ২-১ গেমে শেরপুরের সামান্থা’কে, মিক্সড দ্বৈত ময়মনসিংহের স্মৃতি-সাকিব জুটি ২-০ গেমে শেরপুরের শরাফত-শ্রাবন্তি জুটিকে এবং মেয়েদের ডাবলসে শেরপুরের ঐশী-জিম জুটি ২-০ গেমে ময়মনসিংহের স্মৃতি-নাফিসা জুটিকে ২-০ গেমে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে। এ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা একক এবং দ্বৈত ও মিশ্র দ্বৈতের ৫টি ইভেন্টে বৃহত্তর ময়মনসিংহের ৬২ জন নারী-পুরুষ শাটলার (ব্যাডমিন্টন খেলোয়াড়) অংশগ্রহণ করছেন।









