নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১ সেপ্টেম্বর শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই ওই টুর্নামেন্ট মুঠোফোনে উদ্বোধন করেন নকলা-নালিতাবাড়ী এলাকার সংসদ সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ওইসময় তিনি সবাইকে খেলোয়ারী মনোভাব নিয়ে খেলার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ ও প্রধান শিক্ষক ওমর ফারুক। উদ্বোধনী ম্যাচে নকলা পৌরসভা ফুটবল একাদশ ও নকলা ইউনিয়ন পরিষদ একাদশ অংশ গ্রহন করেন।









