শ্যামলবাংলা ডেস্ক : অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি ৮ ডিসেম্বর শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, শৃঙ্খলা বিধিটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ে গতকাল (বৃহস্পতিবার) চলে গেছে বলে আমি জানি। আমি আশা করছি, আগামী সপ্তাহের প্রথম দিকে এ গেজেট প্রকাশ হবে।
বিচারকদের চাকরির শৃঙ্খলাবিধি নিয়ে বিচার বিভাগের সঙ্গে রাষ্ট্রের নির্বাহী বিভাগের দীর্ঘ টানা-পোড়েনের পর সর্বশেষ গেজেট প্রকাশের জন্য সরকারকে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে দুই দফায় ৩ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল।








