চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের সাথে ভটভটির মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১২ জন। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২৬ মার্চ রবিবার সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর স্কুল বটতলা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর ওই সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ভটভটিতে থাকা আহত শ্রমিক নূর ইসলাম ও আলী হোসেন বলেন, সকালে ২৪ জন শ্রমিক বড়বলদিয়া থেকে একটি ভটভটিতে চুয়াডাঙ্গার মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হই। সকাল সাড়ে ৬ টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর স্কুল বটতলা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বালিভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আট শ্রমিক নিহত হন। আহত ১২ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে আরও তিন শ্রমিক মারা যান।
দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ জানান, ঘাতক ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলয়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।




