
বিনোদন ডেস্ক : উপস্থাপনা থেকে চলচ্চিত্রে এসে বেশ নাম কামিয়েছেন নুসরাত ফারিয়া। সিনেমায় অভিনয়ের কারণে বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও তাঁর সুনাম ছড়িয়েছে। বাংলাদেশি চলচ্চিত্রের আলোচিত এই অভিনেত্রী এবার ভারতের কালারস বাংলা টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’-এ অংশ নিচ্ছেন। বিগ বস অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিতে ১ জুলাই মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন তিনি।
‘বিগ বস’ অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘বাংলাদেশের মানুষেরা ভারতের টিভি চ্যানেলে প্রচার হওয়া যে কয়টি অনুষ্ঠান উপভোগ করে থাকেন, তার মধ্যে “বিগ বস” একটি। বাংলাদেশে এই অনুষ্ঠানের অনেক দর্শক আছে। মূলত “বাদশা” ছবির প্রচারণা করতেই এই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছি। এটি আমার জন্য স্পেশাল কারণ, এই অনুষ্ঠানে আমি আমার হিরো জিতের পাশাপাশি পরিচালক বাবা যাদবের সঙ্গে কয়েকটি গানে পারফর্ম করব। আশা করছি দারুণ কিছু হবে।’
‘বিগ বস সিজন টু’ অনুষ্ঠানের উপস্থাপনা করবেন জিৎ। শুটিং শেষে ফারিয়া ঢাকায় ফিরবেন ঈদের দিন সকালে। এদিকে ফারিয়া এখন শুটিং করছেন জাকির হোসেন রাজুন নতুন ছবি ‘প্রেমি ও প্রেমি’র। এই ছবিতে তিনি অভিনয় করছেন আরিফিন শুভর বিপরীতে।





