মেহের আমজাদ, মেহেরপুর : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের তৃতীয় দিনে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বামন্দি বাসস্ট্যান্ডে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা। ৬ নভেম্বর বুধবার জেলা বিএনপির সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে হরতালের সমর্থনে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেন। বামন্দি বাসস্ট্যান্ডে পুলিশের বাধা অতিক্রম করে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা। ফলে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে সকাল সাড়ে ৮টার দিকে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক আহবায়ক মুরাদ আলী, বিএনপি নেতা উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো ও গাংনী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়ালসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে টানা ৩ দিনের হরতালে আন্ত:জেলা ও দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।
এদিকে মেহেরপুরের গাংনী বামুন্দির বিএনপির মিছিলে যোগ দিতে যাওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় মালশাদাহে বিএনপির ৭ জন কর্মী আহত হয়েছে। আহতরা হচ্ছে মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের হাসান আলী (৪০), মন্টু মিয়া (৪২) ও আড়পাড়া গ্রামের জনিরুল ইসলামকে (৩০) একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার সকাল আটটার দিকে বামন্দি বাজারে বিক্ষোভ মিছিলে অংশ নিতে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে।




