স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে শেরপুরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুন মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা সদরে পৌর ঈদগাহ মাঠে সকাল ৯ টায় ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এবং প্রধান জামাতে ইমামতি করবেন এসআর জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আব্দুল্লাহ। এছাড়া ঈদে গরিব-দুঃস্থদের জন্য বরাদ্দ দেওয়া ২০ কেজি হারে ভিজিএফ’র চাল নির্ধারিত সময়সীমা ৩০ জুনের মধ্যে যথাযথভাবে বিতরণ নিশ্চিতকরণ, সম্পদশালীদের যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সতর্কতা অবলম্বন, শহরে পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, কাফেলা পার্টির আনন্দ-উচ্ছাসের নামে গণউৎপাত বন্ধসহ নির্বিঘেœ ঈদ উদযাপনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সহকারী পুলিশ সুপার মোঃ শাহনেওয়াজ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবেজ আহমেদ, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, শহর কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতিসহ শীর্ষ ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।




