
শ্যামলবাংলা ডেস্ক : বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম রি-রেজিস্ট্রেশন করার সময় শেষ হচ্ছে আগামী ৩১ মে (মঙ্গলবার)। সরকারের ঘোষণা অনুযায়ী ১ জুন থেকে অনিবন্ধিত সিম বন্ধ করে দেয়া হবে। এদিকে, শেষ প্রহরে কোনো উপায় না পেয়ে সিম রি-রেজিস্ট্রেশনে গ্রাহক টানতে চোখ ধাঁধানো নানা অফার দিয়েছে মোবাইল অপারেটরগুলো। নানা লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে নিজেদের অফার সম্পর্কে গ্রাহকদের অবহিত করার চেষ্টা করছে তারা।
আঙুলের ছাপ দিয়ে রি-রেজিস্ট্রেশনকারী গ্রাহকদের জন্য প্রতি ২০ মিনিটে একটি করে হ্যান্ডসেট উপহার দিচ্ছে বেসরকারি মোবাইল অপারেটর গ্রামীণফোন। আগামী ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে রি-রেজিস্ট্রেশন করলে এ অফার পাওয়া যাবে। এছাড়া রি-রেজিস্ট্রেশন সম্পন্নকারী সকল গ্রাহককে ২০০ টাকা টক টাইম দিচ্ছে গ্রামীণফোন।গ্রাহকদের রি-রেজিস্ট্রেশনে আগ্রহী করতে পিছিয়ে নেই দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংকও। বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনকারীদের নিশ্চিত উপহারসহ এ অপারেটরটি দিচ্ছে ১০ লাখ টাকা জিতে নেয়ার সুযোগ।


অন্যদিকে, দেশের অপর বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি প্রতি ঘণ্টায় রি-রেজিস্ট্রেশনকারীর একজনকে দিচ্ছে ১০ হাজার টাকা জিতে নেয়ার সুযোগ। এছাড়া প্রতিদিন একজন ভাগ্যবান রেজিস্ট্রশনকারী পাবেন ১০ লাখ টাকা। আর রি-রেজিস্ট্রেশন সম্পন্নকারী সব গ্রাহকের জন্য ৫০ টাকার টক টাইম তো থাকছেই।
নানা ধরনের লোভনীয় অফার সম্পর্কে গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশন বিভাগের প্রধান তালাত কামাল জাগো নিউজকে বলেন, সিম রি-রেজিস্ট্রেশনে গ্রাহকদের উৎসাহিত করতেই এ ধরনের অফার দেয়া হয়েছে। এটি যেকোনো মূল্যে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের একটি কৌশল মাত্র।
উল্লেখ্য, গত বছরের ১৬ ডিসেম্বর সরকার দেশের সকল মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশনে উদ্যোগ নেয়। এ পর্যন্ত সাড়ে ৯ কোটি সিম রি-রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।




