স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সবুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে তার প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। ১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী হাসানুজ্জামান রিয়াদ অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের হামলায় তার ৪ সমর্থক আহত হয়েছে। ওই সময় ভাংচুর করা হয়েছে ৬টি নির্বাচনী প্রচার কেন্দ্র। এ ঘটনায় ওই ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে। হামলার ঘটনায় বুধবার গভীর রাতে নালিতাবাড়ী থানাসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও তারা এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেননি। ওই অবস্থা প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সবুর স্থানীয় প্রশাসনের সহায়তায় তার নিশ্চিত বিজয় ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছেন বলেও তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।




