স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহের প্রথম বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের কাছে শপথ নিলেন শেরপুরের নবনির্বাচিত ৪ মেয়র। ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণকারীরা হচ্ছেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও শ্রীবরদী পৌরসভার মেয়র মোঃ আবু সাইদ। একইসময়ে ৪ পৌরসভার সংরক্ষিত ও সাধারণ আসনের ৪৮ কাউন্সিলরও শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুল হক ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ। এছাড়া শপথ অনুষ্ঠানে শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি, এফবিসিআইসি পরিচালক মোঃ মাসুদ, প্রেস কাব সভাপতি রফিকুল ইসলাম আধার, নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপাতি জিয়াউল হক মাস্টার, শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কোহিনুর বেগম বিদ্যুৎ, শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান লিপি ও জেলা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ নুরানী মনিসহ বেশকিছু দলীয় নেতা-কর্মী শরিক হন।




