স্টাফ রিপোর্টার : প্রয়াত ভাষাসৈনিক রফিক উদ্দিন মাস্টারের স্মৃতি রক্ষায় শেরপুর শহরের কান্দাপাড়া মহল্লায় নবগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘রফিকনগর সমাজ উন্নয়ন পরিষদ’র কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের সাথে সুধীমহলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ নভেম্বর শুক্রবার রাতে পরিষদের কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় শেরপুর প্রেস কাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি নবগঠিত ওই পরিষদের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে অবগত হয়ে প্রাথমিক তহবিল গঠনের জন্য ৫ হাজার টাকা অনুদানের ঘোষণাসহ সার্বিক সহায়তার আশ্বাস দেন।
পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শেরপুর প্রেস কাবের সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, ওয়ার্ল্ড ভিশনের জেলা কার্যালয়ের প্রকল্প ব্যবস্থাপক সুজিত বনোয়ারী, পরিষদের প্রতিষ্ঠাতা এডভোকেট গোলাম হক সরকার, সাবেক কাউন্সিলর ইদ্রিস আলী গেন্দাকুল, পাতাবাহার খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, নাজমা আক্তার, আক্কাস আলী, আল আমীন, মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালমান।




