শ্যামলবাংলা ডেস্ক : নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের রবিবার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসামির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল হাই।
দুটি মামলাসহ নাশতকতার মোট ১৯ মামলার সবকটিতে এবার জামিন পেলেন রিজভী। কিন্তু এর মধ্যে ২টি মামলায় আপিল বিভাগে হাইকোর্টের জামিনাদেশ স্থগিত থাকায় এখনি মুক্তি পাচ্ছেন না রিজভী।
এর আগে ১৯ আগস্ট চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তির নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট। রিজভী বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২ কারাবন্দী রয়েছেন। চলতি বছরের ৩০ জানুয়ারি রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করা হয়।








