শ্যামলবাংলা ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, স্থানীয় পর্যায়ের নিম্নবিত্ত পরিবারের বসবাসের জন্য প্রতিটি উপজেলায় ৪তলা বিশিষ্ট কমপ্লেক্স ভবন তৈরি করা হবে। যেখানে ২৭২টি পরিবার একসঙ্গে বসবাস করতে পারবে। সেখানে গরু, ছাগল, হাস, মুরগি ইত্যাদির খামার করার সুযোগ থাকবে। এই পরিবারগুলোর কর্মসংস্থানের জন্য সরকারি অর্থায়নে খামারগুলো তৈরি করা হবে। ১২ আগস্ট বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘মানুষ মানুষের জন্য’ নামে একটি এনজিওর ‘তথ্য অধিকার আইন ও প্রান্তজন-বান্ধব সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রতিমন্ত্রী ওই কথা বলেন।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণকে তথ্য না দেওয়ার অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে সারাদেশে ৯৮৬টি মামলা হয়েছে। এই মামলাগুলোর মধ্যে ৯৫০টি মামলার সমাধান করা হয়েছে। কোনো সরকারি কর্মকর্তা তথ্য সরবারাহ করতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তথ্য জানার সবার অধিকার। প্রত্যেক ইউনিয়ন থেকে সাধারণ মানুষের তথ্য সংগ্রহের অধিকার রয়েছে এবং সে জন্য ইউনিয়নের ওয়েবসাইটকে তথ্য নির্ভর করা হয়েছে।
রাঙ্গা বলেন, সারাদেশে ৪ হাজার ৭০০ জন নির্বাচিত ইউনিয়ন কাউন্সিলর রয়েছে। জনগণ চাইলে এসব কাউন্সিলরের মাধ্যমেও তথ্য সংগ্রহ করতে পারবেন। কেউ যদি মনে করে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে উন্নয়নমূলক বা তথ্য দেওয়া হয়নি তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবগত করলে তা সমাধান করা হবে।
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন, অ্যামেরিটারস ফেলো খোন্দকার ইব্রাহীম খালেদ, তথ্য কমিশনার গোপাল চন্দ্র সরকার, প্রজেক্ট কোরডিনেটর দিলরুবা ইয়াসমিন চৌধুরী।









