কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে হরতাল ও অবরোধমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষার গ্রহণের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী শহরের মুজিব চত্বরে সড়কের দুই পাশে প্রায় ১ কিলোমিটার জুড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বাংলাদেশ শিক্ষক কর্মচারী উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয়, এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ জমায়েত হয়ে তারা মানববন্ধন করে। ছাত্রছাত্রীদের দাবি- শান্তিপূর্ণ পরিবেশে যেন পরীক্ষা দিতে পারে।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি তপংকর চক্রবর্তী, সাধারণ সম্পাদক গৌতম কুমার দাস, সরকারি বালক বিদ্যালয়ের শিক বাবর তালুকদার, এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আঃ রাজ্জাক, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান খোকন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন,প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র বেপারী প্রমুখ।
এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষিকাসহ শত শত ছাত্র/ছাত্রীরা অভিভাবকগণ, রাজনৈতিক সামাজিক ও সংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।




