কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের রিয়াজ মৃধার বাড়ির বাথরুম থেকে মঙ্গলবার দুপুরে ৩টি প্যাকেটে লুকানো ৪০টি বরফ দেয়া মা ইলিশ উদ্ধার করা হয়েছে। পুলিশ উদ্ধার করা মাছ কলাপাড়া থানায় নিয়ে আসে। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। স্থানীয়দের ধারনা, জেলেরা মা ইলিশ শিকার করে বিক্রির জন্য রাতের অন্ধকারে ওই বাথরুমে লুকিয়ে রেখেছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম জানান, জব্দ করা ইলিশ কলাপাড়ার বিভিন্ন এতিমখানায় বিনা মূল্যে বিতরন করা হয়েছে।
কলাপাড়ায় হত্যা মামলায় ২৪ জন কারাগারে
উপজেলার চাকামইয়া ইউনিয়নের আ:কাদের হাওলাদার (৬৫) হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনকে আদালত জেল হাজতে প্রেরন করেছে। অভিযুক্তরা মঙ্গলবার কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক স্বপন কুমার দাস জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
অভিযুক্তরা হলেন, সোবাহন শিকদার, আনোয়ার শিকদার, আবুল হোসেন শিকদার,আল-আমিন তালুকদার, কেরামত আলী হাওলাদার,সুলতান হাওলাদার, কামাল,শাওন শিকদার,শহীদুল,জাহিদ তালুকদার, হরিদাস হাওলাদার, গৌতম মন্ডল বুদ্ধ, উত্তম সরকার, ইউসুফ তালুকদার, সৈয়দ আলী, জাকির ঘরামী, সাইফুর রহমান, আলানূর, জহির তালুকদার, ফরিদ তালুকদার, সালাম হাওলাদার।
উল্লেখ্য, ২ জুলাই রাতে চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামের আ:কাদের হাং খুন হয়। রাতে পুলিশ একটি খাল থেকে তার লাস উদ্ধার করে। এঘটনায় নিহতের ভাই ৪ জুলাই উপজেলা চেয়ারম্যান আ: মোতালেব তালুকদারসহ ৪৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬০ জনকে অজ্ঞাত দাবি করে কলাপাড়া থানায় একাট হত্যা মামলা দায়ের করেন।




