ভোলা প্রতিনিধি : ভোলায় সাইবার নিরাপত্তা কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সাইবার নিরাপত্তা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (২০১৩ সংশোধিত) বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি বিষয়ক এ কর্মশালা মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারে আরো সচেতন হতে হবে। যাতে নতুন প্রজন্ম ইন্টারনেট ব্যবহার করে বিপথগামী না হয়। আপনার সন্তানদের সাথে ইন্টারনেটের ভালো ও খারাপ দিক স¤পর্কে বিস্তারিত আলোচনা করবেন। তা হলে তারা ভালো ও খারাপ দিক সম্পর্কে সচেতন হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. দাউদ মিয়ার সভাপতিত্বে এতে গেষ্ট অব অনার ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মমিন টুলু, বিশেষ অতিথি ছিলেন ভোলা কোস্ট গার্ড জোনাল কমান্ডার নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও থানা আ.লীগ সভাপতি মোশারেফ হোসেন প্রমুখ।
এই কর্মশালায় সরকারি কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।




