শ্যামলবাংলা ডেস্ক : ভারত বিরোধিতার জন্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিস্তা অভিমুখে লংমার্চের কর্মসূচি দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেকমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি ২১ এপ্রিল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় ওই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, বিএনপি নেত্রী ভারত বিরোধিতাকে উসকে দিতে চান। এজন্য লংমার্চ আহ্বান করেছেন। কিন্তু তার অপরাজনীতি মানুষ বুঝে গেছে। তাই কতটা সাড়া মেলে সেটাই দেখার বিষয়।

তিস্তা চুক্তি হয়ে গেছে, এখন শুধু বাস্তবায়ন বাকি-উলেখ করে তিনি বলেন, এটাকে রাজনৈতিক ইস্যু করবেন না। এই লংমার্চ যদি ভায়োলেন্স (সন্ত্রাসী কর্মকাণ্ড) মার্চ হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে। আর যদি আপনারা শান্তিপূর্ণভাবে লংমার্চের কর্মসূচি পালন করেন তাহলে সরকারও সহযোগিতা করবে। সাবেক এই মন্ত্রী জাতির ঐক্যের খাতিরে সরকারকে সমর্থন দিতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, সমস্যা সমাধানের জন্য নয়, বিএনপি নেত্রী রাজনীতি করার জন্য লংমার্চ করছেন। কারণ ভারতের এখন নির্বাচন হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের আগামী সরকারের সঙ্গে আলোচনা করেই তিস্তা সমস্যার সমাধান করা হবে।
বঙ্গবন্ধু একাডেমির উপদেষ্টা হাজী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির মিজি প্রমুখ।




