শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১২ এপ্রিল শনিবার বিকেল সোয়া ৩টার দিকে বিএনপির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করীম শাহিন দলের চেয়ারপারসনের নববর্ষের কার্ড ধানমণ্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেন। নববর্ষের কার্ড গ্রহণ করেন দলের উপ-কমিটির সহ-সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।
আবদুল লতিফ জনি জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সঙ্গে তিনি শুভেচ্ছা কার্ডের ব্যাপারে টেলিফোনে কথা বলেন। এরপর আবদুল আউয়াল শামীমের কাছে ওই কার্ড হস্তান্তর করেন। আগামী সোমবার বাংলা নতুন বছর ১৪২১ সাল শুরু হবে। তার আগে গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসনের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেয়া হয়। শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ এবং সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকেও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন।




