শ্যামলবাংলা ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শক্তিশালী বোমা বিস্ফোরণে অন্তত: ২৩ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকালে ব্যস্ত সময়ে ইসলামাবাদের একটি ফল ও সবজির বাজারে শক্তিশালী বোমাটি বিস্ফোরিত হয়। এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন ও এএফপি’র।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে ইসলামাবাদের একটি ফল ও সবজির বাজারে ওই বিস্ফোরণ ঘটে। এদিকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের এক কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, তারা ১৫ জনের লাশ পেয়েছেন। ঘটনাস্থল থেকে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে মাটিতে দেড় মিটার গর্ত তৈরি হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বোমা হামলায় ১৩ জন নিহত হওয়ার একদিন পরেই ওই বিস্ফোরণের ঘটনা ঘটলো। স্থানীয়রা বলছেন, ফলের বাক্সের মধ্যে বোমা লুকানো ছিল। তবে এই দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।




