মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৮৬৫ বোতল ফেনসিডিলসহ এক মহিলা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ২৩ মার্চ রোববার সন্ধ্যায় থানার সেকেন্ড অফিসার এসআই সাজেদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার রাইগাঁ ইউনিয়নের বামনপুকুর গ্রামের ৩টি বাড়ি থেকে এসব ফেনসিডিল আটক করে। এ সময় ওই গ্রামের আঃ রহিমের স্ত্রী ফেনসিডিল ব্যবসায়ী মাহমুদাকে (৩৮) গ্রেফতার করা হয়। পুলিশ আসার খবর পেয়ে অপর দুই বাড়ির লোকজন পালিয়ে যায় বলে এসআই সাজেদুর রহমান জানান। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মাহমুদাকে ২৪ মার্চ সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




