সাতক্ষীরা প্রতিনিধি : তালায় সরকার সমর্থক উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে স্কুল চলাকালীন ছাত্র-ছাত্রীদের ক্লাস বর্জনে বাধ্য করে নির্বাচনী সমাবেশ করায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এছাড়া একই দিন ১৯ দলীয় প্রার্থীর প্রচার মাইকে বাঁধা ও হুমকি-ধামকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে জানা যায়, গত ১৯ মার্চ ১১ টা থেকে ১১.৩০ এর মধ্যে ইসলামকাটী পিএন হাইস্কুলের সকল ছাত্র-ছাত্রীদের বাধ্য করে ক্লাস বন্ধ করে নির্বাচনী সামাবেশ করা হয়। উক্ত সমাবেশে আ’লীগ সমর্থিত প্রার্থী ঘোষ সনৎ কুমার কোমলমতি ছাত্র-ছাত্রীদের তাদের পিতামাতার কাছে তাঁর ‘কাপ পিরিচ’ প্রতিকে ভোট চাওয়ার তাগিদ দিয়ে বলেন, “আমার পক্ষে নির্বাচনী কাজ করলে আমি প্রতিটি শ্রেণী কক্ষে একটি করে বৈদ্যুতিক ফ্যান দিবো।” এ ব্যাপারে ১৯ দলীয় চেয়ারম্যান প্রার্থী ডাঃ সেখ মাহমুদুল হক গত ২০ মার্চ রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এঘটনা স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা স্বীকার করলেও তারা নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। এদিকে উক্ত ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ঘোষ সনৎ কুমার তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন।
অপরদিকে একই দিন সকালে ডাঃ মাহমুদুল হকের (দোয়াত-কলম) প্রচার মাইক ইসলামকাটী বালিকা বিদ্যালয়ের পাশে পৌঁছালে খায়রুল ইসলাম ও কার্তিক চন্দ্র আচার্য নামের দু’যুবক প্রচার গাড়ীর গতিরোধ করে প্রচারকারী বিল্লালকে মারধরসহ হুমকি-ধামকি দিয়ে প্রচার বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।




