নরসিংদী প্রতিনিধি : প্রকাশ্য দিনদুপুরে ৬ লাখ ৮৪ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধরা পড়েছে সুমন মিয়া নামে এক ছিনতাইকারী। ১৮ মার্চ মঙ্গলবার বিকালে নরসিংদী শহরের গেঞ্জিপট্টি মোড়ে এই ঘটনাটি ঘটেছে। উত্তেজিত জনতা সুমন মিয়াকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তার নিকট থেকে নগদ ৬ লাখ ৮৪ হাজার টাকা উদ্ধার করেছে।
জানা গেছে, রায়পুরা উপজেলার টকিপুরা গ্রামের ব্যবসায়ী মোমেন মিয়া নরসিংদী শহরের অগ্রণী ব্যাংক বাজার শাখা থেকে ৬ লাখ ৮৪ হাজার টাকা উত্তোলন করে ব্যাংকের নিচে নামার পর কয়েকজন ছিনতাইকারী তাকে ঘেরাও করে। কিছু বুঝে উঠার পূর্বেই ছিনতাইকারী সুমন মিয়া তার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাতে থাকে। এ সময় ব্যবসায়ী মোমেন মিয়া চিৎকার করতে থাকলে উপস্থিত লোকজন সাথে সাথে ছিনতাইকারী সুমন মিয়ার পিছু ধাওয়া করে। পরে তাকে বৌয়াকুড় এলাকা থেকে ধরে ফেলে। এ অবস্থায় উত্তেজিত জনতা তাকে বেধড়ক পিটুনি দিয়ে নরসিংদী থানা পুলিশের হাতে সোপর্দ করে। ছিনতাইকারী সুমন মিয়ার বাড়ী নরসিংদী শহরের পশ্চিম কান্দপাড়া মহল্লায় বলে জানা গেছে। ্এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




