ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ৯ জন আহত হয়েছেন। ১৫ অক্টোবর মঙ্গলবার ভোর ৪টার দিকে ফরিদপুর সদরের মল্লিকপুর এলাকায় কমিরপুর জোড়া সেতু এলাকায় ঢাকা থেকে ঝিনাইদহগামী ঝিনাইদহ পরিবহন ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতের বেশিরভাগই ইটভাটার শ্রমিক ছিলেন। ছুটি শেষে কর্মক্ষেত্র ঢাকার সাভারের আমতলী এলাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের মো. সিদ্দিক গাজীর ছেলে নূর আলম গাজী (২৮) জানান, তারা সবাই সাভারের আমতলী এলাকার বিভিন্ন ইট ভাটায় চুক্তিভিত্তিকভাবে কাজ করেন। যখন যে ভাটায় কাজ থাকে সেখানেই কাজ করেন তারা। গত কয়েকদিন আগে ছুটিতে তারা নিজেদের বাড়ি সাতক্ষীরায় যান। ছুটি শেষে ৪০ জন শ্রমিক মিলে ৩২ হাজার টাকায় একটি বাস রিজার্ভ করে তারা কর্মস্থলে ফিরছিলেন। পথে এ দুর্ঘটনার ঘটে।

ওই হাসপাতালে চিকিৎসাধীন আহত আরেক ইটভাটার শ্রমিক একই গ্রামের জব্বার মালির ছেলে রানা মালি (২৯) জানান, দুর্ঘটনার সময় তারা সবাই ঘুমাচ্ছিলেন। কীভাবে এ দুর্ঘটনা ঘটল তা তার জানা নেই।
করিমপুর হাইওয়ে পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন চৌধুরী জানান, গ্রিন এক্সপ্রেস পরিবহনের বাসটি বাম দিক থেকে সড়কের মধ্যরেখা অতিক্রম করে ডান দিকে (রং সাইড) চলে যায়। এতে সাতক্ষীরা থেকে আমতলীগামী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে। এখনো এ দুর্ঘটনায় নিহত কারও পরিচয় জানা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।




