বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে একদিকে জয়ের ধারাবাহিকতা রক্ষায় মরিয়া বিএনপি, অপরদিকে হারানো পদ ফিরে পেতে উঠে-পড়ে লেগেছে আওয়ামীলীগ। তবে বিজয় ছিনিয়ে আনতে আওয়ামীলীগ একাট্টা হলেও দুইজন প্রার্থী হওয়ায় বিপাকে রয়েছে বিএনপি।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে শেষতক দলীয় সিদ্ধান্ত মেনে উপজেলা আওয়ামীলীগ সভাপতিকে একক প্রার্থীরেখে অন্যরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় হারানো পদ ফিরে পেতে অনেকটা আশাবাদী আওয়ামীলীগ। অপরদিকে জয়ের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি মোরশেদ খান সমর্থিত বদরুচ মেহেরকে একক প্রার্থী দিলেও বিএনপি’র অপর বড় একটি অংশ এরশাদ উলাহ গ্র“প তা মানতে নারাজ। তারা সংবাদ সম্মেলনে “বদরুচ মেহের দলের কেউ নন” দাবী করে সাবেক এমপি সিরাজুল ইসলামের পুত্র শফিকুল ইসলাম শাহীনকে চেয়ারম্যান পদে দাঁড় করিয়ে দেন।
২৩ মার্চ অনুষ্ঠিতব্য বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে আ’লীগের প্রার্থী আতাউল হক, টেলিফোন প্রতীক নিয়ে বিএনপি’র মোরশেদ খান সমর্থিত প্রার্থী আলহাজ বদরুছ মেহের, ঘোড়া প্রতীক নিয়ে বহিস্কৃত মহানগর বিএনপি’র সাবেক যুগ্নআহবায়ক এরশাদ উলাহ সমর্থিত শফিকুল ইসলাম শাহীন, দোয়াত কলম প্রতীক নিয়ে ইসলামী ফ্রন্টের মোজাম্মেল হক, আনারস প্রতীক নিয়ে এম মুহিউদ্দিন প্রতিদ্বন্ধিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত সাংবাদিক কাজী আয়েশা ফারজানা(প্রজাপতি), বিএনপি সমর্থিত সাহেদা আকতার শেফু(ফুটবল) পাশাপািশ শাকপুরার ইউপি সদস্যা নন্দিতা বসু (পদ্মফুল) ও সুপর্ণা ভঞ্জ (কলসী) প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র একক প্রার্থী মো. নুরুন্নবী চৌধুরী (মাইক) ও বহিস্কৃত মহানগর বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এরশাদ উলাহ গ্র“প থেকে সমর্থিত মো. ইসহাক চৌধুরী (টাইপ রাইটার), আ’লীগ সমর্থিত একক প্রার্থী রতন চৌধুরী (বই), এছাড়া আ’লীগ নেতা সুব্রত বিশ্বাস (বৈদ্যুতিক বাল্ব), মো. রিদুওয়ানুল হক (সিংহ), বিশ্বজিত চৌধুরী(জাহাজ), বিকাশ কান্তি চৌধুরী (চশমা),সুভাষ চৌধুরী (টিয়া পাখি), মো. ওবাইদুল হক (ক্রিকেট ব্যাট), জামায়াত সমর্থিত শাহাজাহান মো. নুরুল কবির (তালা), মো. ইদ্রিস(টিউবওয়েল) ও ওমর সেলিম(উড়োজাহাজ) প্রতীক নিয়ে মাঠে আছেন ।
নির্বাচনে প্রার্থীরা হৈ-হুলোর প্রচারণা চালাতে না পারলেও নিজেদের জয় নিশ্চিতে ভোটারদের মন জয়ে ঘুরছেন দ্বারে দ্বারে । নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে সমগ্র উপজেলা। নিজ প্রতীকে ভোট আদায়ে প্রার্থীরা অবলম্বন করছেন নানা কৌশল।

সংশ্লিস্ট সূত্র জানায়, ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত বোয়ালখালী উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৪৪৬ জন। ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ৭৭টি ভোট কেন্দ্রে এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।




