বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ী ইব্বাহীম আলীকে (২৮) ধরে নিয়ে গেছে ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই মারাধার গ্রামের মরহুম ইশা মোহাম্মদের ছেলে ইব্বাহীম আলীসহ ৫/৬ জন যুবক মিলে গত শনি রাত সাড়ে ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার রত্মাই সীমান্তের ৩৮২/৩ এস সাব-পিলারের নিকট গরু কিনতে গেলে ওইসময় ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে ইব্বাহীম আলীকে আটক করে শারিরীক নির্যাতন চালিয়ে তাকে ওপারের ক্যাম্পে ধরে নিয়ে যায় । এঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে বিজিবির পক্ষ থেকে পত্র প্রদানের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়। পরে শনিবার সকাল সাড়ে ১০টায় উভয় দেশের কোম্পানী কমান্ডার পর্যায়ে রত্মাই সীমান্তের জিরো পয়েন্টে পতকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ বাংলাদেশী গরু ব্যবসায়ী ইব্বাহীম আলীকে ভারতীয় ইসলামপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে মর্মে বিজিবিকে জানিয়েছে। এব্যাপারে ঠাকুরগাঁও ৩০ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মীর আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




