শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের খুন-খারাবির বিচার করা হবে। এসব বিচার না হলে অরাজকতা বন্ধ হবে না। তিনি ৫ মার্চ বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও মনোবল তার সরকারের রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে দেশকে সামনের দিকে নিয়ে যাচ্ছে সরকার।

দেশবাসীকে সরকারের ওপর আস্থা বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০০৯ সালে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জর্জরিত দেশ এবং আতঙ্কগ্রস্ত জাতির দায়িত্ব নিয়ে আওয়ামী লীগ বর্তমান পর্যায়ে পৌঁছেছে।
এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। পিরোজপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে দেশ ছিল দুর্নীতিবাজ ও জঙ্গি-সন্ত্রাসী রাষ্ট্র।
২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট দেশকে এই পরিচিতি এনে দিয়েছিল এবং এর পরের দুই বছর তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার দেশের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছিল, অর্থনীতি স্থবির হয়ে পড়েছিল। সেই আতঙ্কগ্রস্ত জাতির দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের গৃহীত পদক্ষেপে দুর্নীতি হ্রাস পেয়েছে, যা বিশ্বব্যাপী স্বীকৃত। এত অল্প সময়ে সরকার এত কাজ করেছে, যা অন্য কেউ করতে পারেনি। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) এক থেকে ছয় পর্যন্ত অর্জন করেছে।




