শ্যামলবাংলা ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেওয়ার পর রবিবার বিকেলে টাঙ্গাইল থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রাকিবুল হাসান ওরফে হাফিজ মাহামুদ (৩৫)। সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

পুলিশ সদর দফতরের সিনিয়র তথ্য কর্মকর্তা কামরুল আহসান জানান, রবিবার সকালে ত্রিশাল থেকে জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেওয়ার পর বিকেলে টাঙ্গাইলের তক্তারচলা এলাকা থেকে রাকিবকে গ্রেফতার করা হয়েছে।
উলেখ্য, রবিবার সকালে ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে রাকিবসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এসময় তাদের হামলায় গুলিবিদ্ধ হয়ে আতিক নামে পুলিশের এক কনস্টেবল নিহত হন। পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন এক এসআই। রাকিব ছাড়া ছিনতাই হওয়া অপর দুই আসামি হলেন সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও মিজান ওরফে জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫)। এরা দু’জনেই যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।




