পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ দ্বিতীয় দফায় উপজেলা নির্বাচনী তফশীল ঘোষনার পর পত্নীতলা উপজেলার আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ও ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন সমর্থিত প্রার্থীরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন মনোনয়নপত্র তুললেও মঙ্গলবার বিকেল ৫টায় প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানাগেছে।

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে আলহাজ্ব আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান পদে আজাদ রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার। ১৯ দল থেকে চেয়ারম্যান পদে আব্দুল হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মরিয়ম বেগম শেফা ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামের হাবিবুর রহমান। বিএনপির (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাসুদ করিম সরকার ও আনিছুর রহমান শেখ এবং ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন এর আব্বাস আলী চেয়ারম্যান পদে তাদের মনোনয়নপত্র জমা দিলেও প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে বি.এন.পি থেকে মাসুদ করিম সরকার তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
এবারের পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬১ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ৮০ হাজার ৯১৩ জন ও মহিলা ৮০ হাজার ৪১৪ জন এবং ভোট গ্রহন ২৭ ফেব্রুয়ারী বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

তবে এবারের উপজেলা নির্বাচনে পত্নীতলায় বিরোধী দল জাতীয় পার্টির কোন প্রার্থীই অংশ গ্রহন করেনি বলেও জানাগেছে।




