শ্যামলবাংলা স্পোর্টস : দক্ষিণ আফ্রিকার ফাইনাল খেলার স্বপ্ন গুড়িয়ে দিয়ে সহজেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে ভারত। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুটি দল। ২০১১ সালের সেই ফাইনালে জিতে দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপ ঘরে নেয় ভারত।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৭২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে বিরাট কোহলির ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন রোহিত শর্মা (১৩ বলে ২৪)। বিউরান হেনরিক্সের বলে ফাফ দু প্লেসির ক্যাচে আউট হন তিনি। বিরাট কোহলির সঙ্গে ৩৮ রানের জুটি গড়ে বিদায় নেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে (৩২)। তৃতীয় উইকেটে যুবরাজ সিংয়ের সঙ্গে ৫৬ রানের জুটিতে জয়ের দিকে এগিয়ে যায় ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নরা। ষোড়শ ওভারের শেষ বলে এবি ডি ভিলিয়ার্সের চমৎকার ক্যাচে পরিণত হয়ে যুবরাজ বিদায় নেয়ার সময় ভারতের ২৪ বলে প্রয়োজন ছিল ৪০ রান। ওয়েইন পার্নেলের করা ১৭তম ওভারে ১৭ রান নিয়ে সমীকরণ নিজেদের পক্ষে নিয়ে আসেন কোহলি ও সুরেশ রায়না। মাত্র ১০ বলে ২১ রানের আক্রমণাত্মক ইনিংস খেলা রায়নার বিদায়ের সময় জয় থেকে ভারত মাত্র ৬ রান দূরে। ৭২ রানে অপরাজিত থাকা কোহলির ৪৪ বলের ইনিংসটি সাজানো ৫টি চার ও ২টি ছক্কায়। চমৎকার ইনিংসের সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
এর আগে প্রথম ওভারেই কুইন্টন ডি ককের বিদায়ে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ষষ্ঠ ওভারের প্রথম বলে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। ‘ক্যারাম বল’ বুঝতে না পেরে বোল্ড হয়ে যান হাশিম আমলা। পাওয়ার প্লেতে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারালেও খেলায় তার কোনো প্রভাব পড়তে দেননি এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অধিনায়ক ফাফ দু প্লেসি ও জেপি ডুমিনি। তৃতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়েন দুজন। ৫২ বলের এই জুটি ভাঙার কৃতিত্বও অশ্বিনের। এই অফস্পিনারের আরেকটি ‘ক্যারাম বল’ অদ্ভুতভাবে খেলতে গিয়েছিলেন দু প্লেসি (৫৮); কিন্তু বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। এরপর এবি ডি ভিলিয়ার্সকেও ফেরান অশ্বিন। কিন্তু তবুও বড় সংগ্রহই দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। ৪৫ রানে অপরাজিত থাকেন ডুমিনি। ২২ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭২/৪ (ডি কক ৬, আমলা ২২, দু প্লেসি ৫৮, ডুমিনি ৪৫*, ডি ভিলিয়ার্স ১০, মিলার ২৩*; অশ্বিন ৩/২২, ভুবনেশ্বর ১/৩৩)।
ভারত: ১৯.১ ওভারে ১৭৬/৪ (রোহিত ২৪, রাহানে ৩২, কোহলি ৭২*, যুবরাজ ১৮, রায়না ২১, ধোনি ০*; হেনরিক্স ২/৩১, ইমরান ১/৩০, পার্নেল ১/৩৩)।
ম্যাচসেরা: বিরাট কোহলি।




