সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের হোসেনপুর (দঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী মালশাপাড়ার জুরান মন্ডলের আট বছর বয়সের মেয়ে আশার খুনি মর্জিনা খাতুন(২৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার চর মালশাপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম উদ্দিনের স্ত্রী এবং আশার আপন চাচাতো বোন। তার দেয়া তথ্যের ভিত্তিতে আশার নাকফুল, পায়ের মোজা ও কানের দুলও উদ্ধার করেছে। পারিবারিক দ্ব›দ্ব ও পুঞ্জিভূত প্রতিহিংসার কারনে ১৩ জানুয়ারী আশাকে স্কুল থেকে নিয়ে গলা টিপে হত্যা করে। এরপর সে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কের পাশে কড্ডায় লাশ ডোবায় ফেলে পালিয়ে যায়। সদর থানার উপপরিদর্শক আব্দুল বারেক দীর্ঘ অনুসন্ধানের পর খুনিকে গ্রেপ্তার করে। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিজেকে একক অপরাধী উল্লেখ করে খুনের বর্ননা ও স্বীকারোক্তি দিয়েছে বলে উপপরিদর্শক বারেক জানান।




