কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে লড়ছেন দেবর-ভাবী। উপজেলা চেয়ারম্যান পদে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক স্বপন ও তার বড় ভাবী সাদিয়া জামিল কনা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন।

কনার স্বামী কয়া ইউনিয়নের চেয়ারম্যান জামিল হাসান বাচ্চু ২০০৯ সালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার পর স্বপন চেয়ারম্যান নির্বাচিত হন। দলীয় ভাবে এখনো একক প্রার্থী ঘোষনা করা হয়নি। স্বপন ছাড়াও চেয়ারম্যান পদে আরও দুইজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদেও রয়েছে একাধিক প্রার্থী। কনা বলেন, আমার স্বামী জামিল জনপ্রিয় নেতা ছিলেন। সবাই আমাকে ভোট দিয়ে জয়ী করবে বলে আশা করছি। কুমারখালি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান দাবি করে বলেন, ‘গত রোববার রাতে কেন্দ্রীয় নেতারা আমাকে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করেছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাদিয়া জামিল কণাকে মনোনীত করেছেন। তবে কয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছি। আমার ভাবী মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এখন পর্যন্ত একক প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে যাব না।




