স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। ৩০ জানুয়ারী সমিতির বার্ষিক সাধারণ সভায় ওই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও অডিট রিপোর্ট পেশ করেন অডিটর এডভোকেট মোঃ ইউসূফ আলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খান প্রমুখ। অনুষ্ঠানে আইনজীবীদের কৃতি শিক্ষার্থী সন্তানসহ অভ্যন্তরিণ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পালকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে বার্ষিক ভোজসভায় জেলা ও দায়রা জজ মোঃ রবিউল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হানিফ উদ্দিন, বার কাউন্সিলের সদস্য এডভোকেট জাহিদ আনোয়ার, জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমানুল্লাহ আকাশ ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বাদশা মিয়াসহ জুডিসিয়াল ও নির্বাহী আদালতের বিচারকগণ মিলিত হন।
এদিকে কার্যকরী পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত ২ প্যানেলের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। আওয়ামী লীগ প্যানেল থেকে বিদায়ী সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী ফের সভাপতি প্রার্থী ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার ফের সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন- এমনটা নিশ্চিত হলেও বিএনপি প্যানেল থেকে এখনও প্রার্থীতা চূড়ান্ত হয়নি। তবে সাবেক সভাপতি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম ও এডভোকেট মোঃ তৌহিদুর রহমানের মাঝ থেকে সভাপতি এবং বিদায়ী সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান ও এডভোকেট মোঃ আনিসুজ্জামানের মাঝ থেকে সাধারণ সম্পাদক প্রার্থী করার সম্ভাবনা রয়েছে।




