কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় শুরু হয়েছে শিশুকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি।
শনিবার সকালে কুষ্টিয়া জিলা স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এসময় সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান, এস এম ও ডব্লিউ এমও ডাঃ মাহাবুব হোসেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আজিজুন নাহার, সিনিয়র তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, হাম একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ। যেকোনো বয়সে হাম হতে পারে। তবে শিশুদের মধ্যে এর প্রকোপ, জটিলতা ও মৃত্যু বেশি। জটিলতাগুলোর মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফেলাটিস, অন্ধত্ব, বধিরতা অন্যতম। অন্যদিকে রুবেলাও ভাইরাসজনিত রোগ। গর্ভধারণের তিন মাসের সময় রুবেলা ভাইরাস আক্রমণ করলে ৯০ ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। সে ক্ষেত্রে গর্ভপাত এমনকি গর্ভের শিশুর মৃত্যুও হতে পারে। শিশুর হূদযন্ত্রে ছিদ্র হতে পারে, শিশু অন্ধও হতে পারে। বাংলাদেশে প্রতি ১০ লাখে দুই হাজার ৯৭৯ জন রুবেলায় আক্রান্ত হয়। তাই এ টিকা নেওয়ার কোন বিকল।প নেই। এ টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে গুরুতর অসুস্থ শিশুকে এ টিকা দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান জানান, জেলায় হাম-রুবেলার ৬লক্ষ ১৭হাজার ৯০৭ জন শিশুকে এ টিকা এবং ২লাখ ২০হাজার ২৪২ জন শিশুকে পোলিও খাওয়ানো হবে। আজ থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ১৩ ফেব্র“য়ারি পর্যন্ত।




