তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তা কেউ বাধাগ্রস্থ করতে পারবেনা। আওয়ামী লীগই পারে দেশকে এগিয়ে নিতে অন্যরা নয়, যার প্রমাণ দেশের ব্যাপক উন্নয়নের মাঝে ফুটে উঠেছে। বর্তমান সরকারের উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত জোট দিশেহারা হয়ে পড়েছে। তারা বর্তমান সরকারের বিভিন্ন বিষয় নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, তাদের এসব ষড়যন্ত্র কোনদিন সফল হবে না। তিনি ১৯ ফেব্রুয়ারী বুধবার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বাংলাদেশ রেলওয়ের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বাংলার মানুষ উন্নয়নে বিশ্বাসী, লুটপাটে বিশ্বাসী নয়। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতাকে অব্যাহত রাখতে সকলে ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করুন। তাহলে আমাদের দেশ বঙ্গবন্ধুর ক্ষুধা, দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধ ডিজিটাল সোনার বাংলায় পরিণত হবে।
মন্ত্রী রেলওয়ে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ৩৮টি প্রকল্পের মাধ্যমে তা আজ দেশের বিভিন্ন ষ্টেশন ও রেললাইন নির্মানের মাধ্যমে দেশবাসী প্রত্যক্ষ করছে। রেল একটি সাশ্রয়ী ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তাই রেলের সকল যাত্রীদের সঠিক নিরাপত্তা দিতে সকলকে সজাগ থেকে কাজ করতে হবে। খেলাধুলা‘র পাশাপাশি সকলকে রেলওয়ের উন্নয়নে কাজ করার প্রতিও মন্ত্রী আহব্বান জানান।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল হোসেন, মহা ব্যবস্থাপক(পূর্ব) মোকবুল আহমেদ ও প্রধান প্রকৌশলী (পূর্ব) এম কে এম মাহবুবুল আলম প্রমূখ। এছাড়াও এসময় রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।





