মো. কামরুল হাসান, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুর উপজেলার কোল ঘেঁষে বয়ে যাওয়া মধুমতি নদীর তীর জুড়ে এ বছর ব্যাপক সরিষার আবাদ হয়েছ। দিগন্ত জুড়ে সরষে ফুলের নয়নাভিরাম দৃশ্য পাল্টে দিয়েছে নদী পাড়ের চিত্র। সবুজ শ্যামল প্রকৃতির ষড়ঋতুর এই দেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে যেমন প্রকৃতির রুপ বদলায় তেমনি বদল হয় ফসলের মাঠও। বর্তমানে তাই সরষে ফুলের রঙে রঙ্গীন হয়েছে মধুমতি নদীর পশ্চিম তীরসহ মহম্মদপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ। গাঢ় হলুদ বর্ণের সরিষার ফুলে ফুেল মৌমাছিরা স্বাচ্ছন্দে মধু সংগ্রহের জন্য আনাগোনা করছে। শুধু তাই নয়, শিশুরাও খেলায় মেতে উঠেছে সরিষা বনে। গত কয়েক বছর যাবৎ মহম্মদপুরে সরিষার আবাদ বেড়েছে। উপজেলার নদী পাড়ের কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, সরিষার দেশীয় জাতগুলোর থেকে উন্নত জাতগুলোর ফলন অনেক বেশী হয়। গত বছর প্রতিমন সরিষা ১ হাজার ৮০০ টাকা থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়েছে। তারা আরো জানান, সরিষার চাষ পদ্ধতি খুবই সহজ ও কম খরচে অল্প সময়ে খুবই লাভজনক ফসল উৎপাদন করা যায়। এবং সরিষা কেটে সাথে সাথে ঐ জমিতে বোরো আবাদ করা যায়। মহম্মদপুর উপজেলা কৃষি শরীফ উদ্দীন আহম্মদ জানান, সরিষার চাষকৃত জমিতে বোরো ফসলে সার কম লাগে, ধানও বেশী উৎপন্ন হয়। অন্যান্য বছরের চেয়ে মহম্মদপুরে এবছর বেশী সরিষার চাষ হয়েছে। বিস্তৃত সবুজ শ্যামল মাঠে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে। সবুজের এ সমারোহ ছোট শিশুদের যেন হাতছানি দিয়ে ডাকছে।




