দৌলতখান (ভোলা) প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় হরিণ শিকারের দায়ে ৩ যুবককে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, উপজেলার মধ্য মেঘনার হাজিপুর চরে ১৫ জানুয়ারী বুধবার ভোরে দু’টি হরিন শিকার করেছে তাৎক্ষণিক জবাই করে কেটেকুটে দৌলতখান সদরে ভিআইপি কয়েক ব্যক্তির বাসায় পৌঁছে দেয়া হয়। ঘটনাটি থানার দায়িত্বরত কর্মকর্তাকে বিভিন্ন সূত্র অবহিত করলে আইওয়াস হিসেবে ভবানীপুর ঘাটে কয়েকজন পুলিশ সদস্যকে পাঠিয়ে দায়িত্ব সম্পন্ন করেন। রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি এমন ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন। হাজিপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু অবশ্য একটি হরিনের কথা স্বীকার করেছেন। তিনি জানান, হরিনটি জেলেরা ধরে ফেলে জবাই করে দেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে হরিন শিকারী রুবেল, নাছির ও দুলাল নামের ৩ যুবককে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।




