এম. এ করিম মিষ্টার, নীলফামারী : দীর্ঘদিনের খরা কাটিয়ে অবশেষে স্বাধীনতার ৪২ বছর পর এবারই প্রথম মন্ত্রীত্বের স্বাদ পেল নীলফামারীবাসী। অনেক জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে দশম সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এর আগে ১৯৫৬ থেকে ৫৮ সাল পর্যন্ত নীলফামারী মহকুমা সদরের বেড়াকুঠি গ্রামের খয়রাত হোসেন আওয়ামী লীগের মন্ত্রীত্ব পেয়েছিলেন। এসময় তিনি খাদ্য, কৃষি, পশু পালন ও মৎস্যসহ চারটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। সেই ১৯৫৮ সালের পর থেকে ৫৫ বছর অতিবাহিত হলেও নীলফামারীবাসী জেলায় আওয়ামী লীগের কোন মন্ত্রীত্ব পায়নি। তবে স্বাধীনতার পর ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর মেজর জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসন চলাকালে তার গঠিত মন্ত্রীসভায় জেলার সংসদীয় আসন নীলফামারী-১ থেকে বিএনপির পক্ষে প্রয়াত মশিউর রহমান যাদু মিয়া প্রথমে রেলমন্ত্রী ও ১৯৭৬ সালে সিনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৮৩ সালে অপর সামরিক শাসক এরশাদের গঠিত মন্ত্রীসভায় প্রয়াত যাদু মিয়ার ছেলে শফিকুল গনি স্বপন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী ছিলেন।




