শ্যামলবাংলা স্পোর্টস : প্রথমবারের মতো ঢাকায় পৌঁছেছে বিশ্বকাপ ফুটবলের আসল ট্রফি। ৬ কেজি ১৭৫ গ্রাম ওজনের বিশ্বকাপ ট্রফির ৫ কেজিই স্বর্ণ এবং উচ্চতা ১৪.৪ ইঞ্চি। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে একটি বিশেষ বিমানে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পৌছে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে মর্যাদার এ ট্রফিটি। ট্রফির সঙ্গে রয়েছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের মাসকট ‘ফুলেকো’। এর আগে ২০০২ সালে ট্রফি বাংলাদেশে আনা হলেও তা ছিল ‘রেপ্লিকা’ বা ডুপ্লিকেট।
বিশ্বকাপ ট্রফির আগমন উপলক্ষে বাফুফে ও কোকাকোলার ৩ দিনের কর্মসূচি শুরু হয়েছে সোমবার বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে। মঙ্গলবার বিকেল ৩টায় হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ট্রফি নেওয়া হবে বঙ্গভবনে। সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদ ট্রফি গ্রহণ করবেন। তার পর বিকেল ৪টায় ট্রফি নেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রায় ১৫ হাজার ব্যক্তিকে ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ করে দেওয়া হবে বুধ ও বৃহস্পতিবার। আগামী ২০ ডিসেম্বর ঢাকা থেকে ট্রফি যাবে ভুটান। সেখান থেকে নেপাল হয়ে যাবে ভারতে।
বিশ্বকাপ ফুটবল ট্রফির ভ্রমণ প্রচলন ১৯৭৪ সাল থেকে। তবে আসল ট্রফির ভ্রমণ এ নিয়ে তৃতীয়বার। ২০০৬ সালে প্রথম জার্মানি বিশ্বকাপ ট্রফি ভ্রমণ করেছিল ২৮ দেশের ৩১টি শহর। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ট্রফির ৮৪ দেশ ভ্রমণে যাত্রাবিরতি ছিল ১শ ৩০ শহরে। এবার রেকর্ড ৮৯টি দেশ ভ্রমণ করছে ট্রফি।
গত ১২ সেপ্টেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরো থেকে শুরু হয়েছে ২শ ৬৭ দিনব্যাপী ১ লাখ ৪৯ হাজার ৫শ৭৬.৭৮ কিলোমিটারের এ পথভ্রমণ। যা পৃথিবী ৩ বার প্রদক্ষিণের চেয়েও বেশি।




